দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন জেলেনস্কি।
শীত মৌসুম সামনে রেখে ইউক্রেনে বিদ্যুৎ ও তাপ সরবরাহের স্থাপনাগুলোতে রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে কিয়েভ। একই সময়ে দুই পক্ষের বিমান হামলা বেড়েছে। এসব হামলায় বন্দর, গুদাম, জাহাজ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিপণ্যসহ কৃষ্ণসাগরীয় রপ্তানিও ব্যাহত হয়েছে।
রোববার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার পর জেলেনস্কি কূটনৈতিক অগ্রগতি এবং উত্তেজনা কমানোর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা জানান। তবে রাশিয়া এখনো বিমান হামলা বন্ধের বিষয়ে কোনো আগ্রহের ইঙ্গিত দেয়নি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং খাদ্য রপ্তানির স্থাপনাগুলোকে রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হওয়া বন্ধ করতে হবে। এর বিনিময়ে ইউক্রেনও পাল্টা উত্তেজনা কমানোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান তিনি।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে পরবর্তী সময়ে দুই পক্ষের হামলা অব্যাহত থাকায় ওই সমঝোতার কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
ট্রাম্প রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন। রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলা এবং ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলা—দুই পক্ষের হামলা বন্ধ করাই সম্ভাব্য জ্বালানি যুদ্ধবিরতির মূল বিষয় বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন।
জেলেনস্কির সঙ্গে বৈঠকে শীতকালে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে। রাশিয়া যদি উত্তেজনা কমাতে প্রস্তুত না থাকে, তাহলে ইউক্রেন কীভাবে আরও প্যাট্রিয়ট ব্যবস্থা সংগ্রহ করতে পারে, তা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন জেলেনস্কি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে জেটচালিত ড্রোনের ব্যবহার বাড়িয়েছে রাশিয়া। একই সঙ্গে গত জুলাইয়ে এক মাসে ইউক্রেনের দিকে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হওয়ায় ইউক্রেনের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে জেলেনস্কি ও ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। পরবর্তী সময়ে জাতিসংঘে তাদের আরেক বৈঠকের পর ইউক্রেনের পক্ষে ট্রাম্পের বক্তব্যে পরিবর্তন দেখা যায়।
জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ফলে জাতিসংঘের এবারের অধিবেশনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: রয়টার্স
এমএস/